২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে ভোট দিচ্ছে ইসরায়েলিরা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১০-২০২৬
নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে ভোট দিচ্ছে ইসরায়েলিরা ছবিঃ সংগৃহীত

গভীরভাবে বিভক্ত হয়ে পড়া ইসরায়েলের নাগরিকরা মঙ্গলবার পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে ভোট দিচ্ছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটি প্রথম নির্বাচন। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাজনীতিতে ক্রমবর্ধমান ডানপন্থি ঝোঁক নিয়ে রায় দেবেন ভোটাররা।

হামাসের হামলার পর ইসরায়েলিরা একাধিক যুদ্ধের মধ্য দিয়ে গেছে। নির্বাচনী প্রচারেও এসব সংঘাতের জবাবদিহি ও নিরাপত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রকাশিত সবশেষ জনমত জরিপগুলোতে দেখা গেছে, নেতানিয়াহুর সঙ্গে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি নেতা গাদি আইজেনকোটের সমর্থন প্রায় সমান।

রাজনীতিতে নবাগত আইজেনকোট দেশটির সাবেক সেনাপ্রধান। তাঁর শান্ত স্বভাবকে বর্তমান প্রধানমন্ত্রীর একেবারে বিপরীত বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। প্রায় ৭৩ লাখ ভোটারের মধ্যে ৫ লাখের বেশি তরুণ এবার প্রথমবার ভোট দেবেন। জরিপে দেখা গেছে, তাদের বড় একটি অংশ নিজেদের মধ্য-ডানপন্থি হিসেবে পরিচয় দিয়েছেন।

দেশের রাজনীতির ভবিষ্যৎ চরিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এই নির্বাচনে ভোট দিতে বিদেশ থেকেও কয়েক হাজার ইসরায়েলি দেশে ফিরেছেন। সোমবার জেরুজালেমে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ৫৮ বছর বয়সী আবাসন ব্যবসায়ী উরিয়েল ব্র‍্যান্ডলার বলেন, ‘আমার মনে হয়, ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। সব দিক থেকে ভালো কিছু পরিবর্তন প্রয়োজন।’

মঙ্গলবার বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। অধিকাংশ কেন্দ্র স্থানীয় সময় রাত ১০টায় বন্ধ হবে। চূড়ান্ত ফল আসতে কয়েকদিন লাগতে পারে।

১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬১ আসন দরকার। কিন্তু জনমত জরিপে একক কোনো দলকে ‘ম্যাজিক ফিগারের’ কাছাকাছি যাওয়ার লক্ষণ দেখা যায়নি। ফলে জোট সরকার গঠনের প্রয়োজন হলে সে প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস লেগে যেতে পারে। আলোচনা ব্যর্থ হলে নতুন করে নির্বাচনেরও সম্ভাবনা আছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ