২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সবুজ অর্থায়নের বাস্তব প্রয়োগ দেখতে এনজেড ডেনিম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১০-২০২৬
সবুজ অর্থায়নের বাস্তব প্রয়োগ দেখতে এনজেড ডেনিম পরিদর্শন ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে পরিবেশবান্ধব শিল্পকারখানায় সবুজ অর্থায়নের বাস্তব প্রয়োগ দেখতে গাজীপুরের এনজেড ডেনিম লিমিটেড পরিদর্শন করেছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা। এ সময় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় বিনিয়োগের মাধ্যমে কীভাবে টেকসই শিল্পায়ন সম্ভব, তা তুলে ধরা হয়।

গত ৬ থেকে ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংক ও অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়। দক্ষিণ এশিয়া আঞ্চলিক আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগের আওতায় আয়োজিত কর্মসূচিতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া এএফআই, বাংলাদেশ ব্যাংক ও ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক ও ব্র‍্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ পরিদর্শনে নীতিগত উদ্যোগ কীভাবে শিল্পকারখানার বাস্তব বিনিয়োগে রূপ নেয়, তা তুলে ধরা হয়। ব্র‍্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং এবং পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই অর্থায়ন বিভাগের সদস্যদের পাশাপাশি এনজেড ডেনিমের ব্যবস্থাপনা দল প্রতিনিধিদলকে কারখানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়।

পরিদর্শনকালে প্রতিনিধিরা কারখানার ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎব্যবস্থা, জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতি এবং বর্জ্য পরিশোধনাগার ঘুরে দেখেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সবুজ পুনঃঅর্থায়ন সুবিধা কীভাবে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় বিনিয়োগে সহায়তা করেছে, সে বিষয়েও তাঁদের জানানো হয়। এ সময় পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণে গ্রাহকপ্রতিষ্ঠানগুলোকে ব্র‍্যাক ব্যাংকের সহায়তা এবং এ খাতে ব্যাংকটির অভিজ্ঞতা তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংক তাদের সবুজ অর্থায়ন কার্যক্রমের বাস্তব প্রয়োগ দেখাতে ব্র‍্যাক ব্যাংকের গ্রাহকপ্রতিষ্ঠান এনজেড ডেনিমকে নির্বাচন করে। এ পরিদর্শনের মাধ্যমে অর্থায়নকারী ব্যাংক ও ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ভূমিকা এবং নীতিমালা, পুনঃঅর্থায়ন সুবিধা ও শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ পরিকল্পনার মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ