২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অপূর্ব-নীহার ‘ভালো আছো তো’ ছুঁল কোটি ভিউ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১০-২০২৬
অপূর্ব-নীহার ‘ভালো আছো তো’ ছুঁল কোটি ভিউ ছবিঃ সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা আবারও দর্শকদের মন জয় করেছেন। তাঁদের অভিনীত নতুন নাটক ‘ভালো আছো তো’ প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। নাটকটির এই সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীরা।

জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটকটি প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। এর আগে একই নির্মাতার ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে জুটি হয়ে অভিনয় করেছিলেন অপূর্ব ও নীহা। নতুন নাটকটিও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইউটিউবের মন্তব্যের ঘরে প্রায় পাঁচ হাজার দর্শক নিজেদের মতামত জানিয়েছেন। তাঁদের অধিকাংশই নাটকটির প্রশংসা করেছেন।

নির্মাণসংশ্লিষ্টদের মতে, নাটকের শুরুতে চমকপ্রদ দৃশ্য, ঘটনার ধারাবাহিকতা, সাবলীল সংলাপ, আবেগের উপস্থাপন, দক্ষ দৃশ্যায়ন এবং ব্যতিক্রমী সমাপ্তি দর্শকদের আকৃষ্ট করেছে। সব মিলিয়ে ‘ভালো আছো তো’ দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে।

নাটকটির সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, সব সময় নিজের পছন্দ ও ভাবনার সঙ্গে মিল রেখে কাজ করতে চেয়েছেন। কাজের স্বীকৃতি তাঁকে আনন্দিত করে। এই সাফল্যকে নিজের একার অর্জন মনে করেন না তিনি। এ জন্য প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক ও পুরো দলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ নাটকটির সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। তাঁর মতে, দর্শকদের চাহিদা বিবেচনায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরির চেষ্টা করে সিএমভি। এ ধরনের সাফল্য ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা জোগায়।

নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।

অপূর্ব ও নাজনীন নীহা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক ও প্রান্তসহ আরও অনেকে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ