২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শরতের বিদায়বেলায় কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১০-২০২৬
শরতের বিদায়বেলায় কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ ছবিঃ সংগৃহীত

শরতের বিদায়বেলায় মেঘমুক্ত নীল আকাশে দেখা মিলেছে বরফে ঢাকা হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। ভোরের শিশিরভেজা ঘাস, মাঠজুড়ে সাদা কাশফুল, সবুজ চা-বাগান ও মহানন্দা নদীর বালুচরে সাজানো পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রকৃতি মুগ্ধ করছে পর্যটকদের। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

মঙ্গলবার সকালে মেঘমুক্ত আকাশে স্পষ্ট হয়ে ওঠে বরফে ঢাকা পর্বতশৃঙ্গটির চূড়া। দীর্ঘ অপেক্ষার পর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকেরা।

ঋতুবদলের এ সময়ে তেঁতুলিয়ার প্রকৃতিতে দেখা যাচ্ছে ভিন্ন রূপ। কোথাও বাতাসে দুলছে সাদা কাশফুল, কোথাও দিগন্তজুড়ে বিস্তৃত সবুজ চা-বাগান। মহানন্দা নদীর বালুচর ও ভোরের স্নিগ্ধ আলো প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। শরতের শেষ আর হেমন্তের আগমনী আবহে পাহাড়, নদী ও সবুজের মেলবন্ধন আকর্ষণ করছে ভ্রমণপিপাসুদের।

আকাশ পরিষ্কার থাকলে তেঁতুলিয়াসহ পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে ভারতের হিমালয় অঞ্চলে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়া দেখা যায়। সূর্যের আলোয় কখনো সোনালি, কখনো রুপালি আভায় ঝলমল করে শৃঙ্গটি। কাঞ্চনজঙ্ঘা দেখার জনপ্রিয় স্থান তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলোর উন্মুক্ত প্রাঙ্গণ। তবে মেঘ, কুয়াশা ও আবহাওয়ার পরিবর্তনের কারণে সব সময় এ দৃশ্য দেখা যায় না।

কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি তেঁতুলিয়ার চা-বাগানের আঁকাবাঁকা পথ, মহানন্দা নদীর তীর ও শান্ত গ্রামীণ পরিবেশও পর্যটকদের আকর্ষণ করছে। ঋতুভেদে প্রকৃতির ভিন্ন রূপ এ অঞ্চলের পর্যটন আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।

কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা কয়েকজন পর্যটক বলেন, আবহাওয়া প্রতিকূল থাকায় অনেকেই এসে শৃঙ্গটি দেখতে পারেননি বলে শুনেছেন। তাঁরা এবার দেখতে পেরে ভীষণ আনন্দিত।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামিউজ্জামান বলেন, চলতি শীত মৌসুমে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। বর্তমানে দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও রাতে বেশ শীত পড়ছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, মঙ্গলবার এ মৌসুমে সবচেয়ে স্বচ্ছভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ