২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর হচ্ছে ডিএসসিসি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৯-১০-২০২৬
রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর হচ্ছে ডিএসসিসি ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে উচ্ছেদ করা স্থাপনাগুলোর মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন ফুটপাতে এ অভিযান চালানো হয়। এতে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী ও পুলিশ সদস্য অংশ নেন।

অভিযানকালে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। হকাররা কেবল নির্ধারিত স্থানেই বসতে পারবেন।

তিনি বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা পরিষ্কার রাখা হবে। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

হকারদের সতর্ক করার বিষয়ে আবদুস সালাম বলেন, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও অনেকে আবার সেখানে বসছেন। এ কারণে এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।

তিনি আরও বলেন, নিয়ম অমান্য করে কেউ বসলে তার মালামাল জব্দ করা হবে। প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ