ছবিঃ সংগৃহীত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৯০তম উপশাখার কার্যক্রম চালু হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্থায়ী ক্যাম্পাসে। এ উপশাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন।
মঙ্গলবার ঢাকার মিরপুরে বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আবু সালেহ বলেন, ক্যাম্পাসে ব্যাংকের উপশাখা চালুর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক লেনদেন আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। তারা সহজেই আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বলেন, ক্যাম্পাসে ব্যাংকিং সেবা সহজলভ্য করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস, আর্থিক সচেতনতা ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এ উপশাখা ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীরা শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার প্রতি আরও আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরিয়াহ্ মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে উপশাখা চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মো. মজিবর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান শামসুল হুদা এফসিএ, সদস্য মো. শিহাব রিজওয়ান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সরফরাজ হামিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্।