২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২৯-১০-২০২৬
ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ছবিঃ সংগৃহীত

ভারতের কাছে আবারও বড় ব্যবধানে হারল বাংলাদেশ হকি দল। এক মাসের ব্যবধানে দুই ম্যাচে ভারতের বিপক্ষে ২৩ গোল হজম করেছে তারা। জলন্ধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিকদের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে হকির প্রস্তুতি, কৌশল ও লড়াইয়ের মানসিকতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এর আগে গত মাসে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি দলটি। ম্যাচের প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। বিরতির পরও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা। তৃতীয় কোয়ার্টারে তিনটি এবং শেষ কোয়ার্টারে আরও চার গোল করে ১৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।

বাংলাদেশের এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক হকি খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক সদস্য তারেক আদেল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা কবে বলতে শিখব যে, আমরাও বাংলাদেশ, ছেড়ে কথা বলব না।’ দলের এই পরিস্থিতি বদলাতে ফেডারেশনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার ছয়টি দেশ অংশ নিচ্ছে। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে সপ্তম হওয়া দলটির লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান অর্জন করা। তবে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্মান কোচ গেরহার্ড পিটারের ওপর আস্থা রেখেছে হকি ফেডারেশন। ভারতের বিপক্ষে টানা বড় ব্যবধানে হারের পর দলের প্রস্তুতি ও কোচিং পরিকল্পনা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ