ছবিঃ সংগৃহীত
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে প্লেট পর্বের ম্যাচে সিশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা। নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। তবে লিড ধরে রাখতে পারেনি দলটি। পরে সিশেলস সমতায় ফিরলে নির্ধারিত সময়ের খেলা ড্র হয়। এরপর টাইব্রেকারে প্রতিপক্ষকে ৪-২ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ছয় ম্যাচ শেষে টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করেছিল দলটি। ফিরতি ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এরপর বুরুন্ডির কাছে ২-০ গোলে পরাজিত হলেও ফিজিকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। এবার সিশেলসকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের স্বাদ পেল অনূর্ধ্ব-১৫ দল।