২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আগামী কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যে শাকিল-রাজের সিনেমা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-১০-২০২৬
আগামী কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যে শাকিল-রাজের সিনেমা ছবিঃ সংগৃহীত

শরিফুল রাজকে নায়ক করে প্রথমবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাতে যাচ্ছেন নাট্যনির্মাতা সৈয়দ শাকিল। গত মঙ্গলবার রাতে রাজের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে খবরটি জানান তিনি। দীর্ঘদিন নাটক নির্মাণের পাশাপাশি ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্মও বানিয়েছেন শাকিল।

নায়কের নাম প্রকাশ্যে এলেও ছবির নাম বা বাকি শিল্পীদের ব্যাপারে আপাতত মুখ খুলছেন না তিনি। শাকিল জানান, আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেদিনই জানা যাবে সিনেমার নাম, সামনে আনা হবে নায়িকাকেও।

গল্প নিয়েও খুব বেশি বলেননি এই নির্মাতা। তবে এটুকু জানিয়েছেন, পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারে, এমন গল্পই তিনি বড় পর্দায় আনতে চান। শাকিলের কথায়, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।’

প্রস্তুতি আর বাজার নিয়ে তিনি বলেন, ‘অনেক আগে থেকেই সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু দিন দিন আমাদের দেশের হলের সংখ্যা কমে আসছে। এখন সিনেমা হয়ে গেছে সিনেপ্লেক্স-নির্ভর। সম্প্রতি সিনেপ্লেক্সে বাংলা সিনেমার দর্শক বাড়ছে। এই বিষয়টি সিনেমা নির্মাণে সাহস জোগাচ্ছে। এ ছাড়া বাইরের দেশে আমাদের সিনেমার একটা বাজার তৈরি হচ্ছে। আমার সিনেমাটিও বিদেশের হলে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। বিভিন্ন উৎসবেও পাঠানোর পরিকল্পনা আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কথা বলেছি। মোট কথা সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সব রকমের পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিনেমাটিকে আমার কালচারাল ট্যুরিজমের পার্ট হিসেবে উপস্থাপন করতে চাই।’

ছবিটি তৈরি হচ্ছে রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে। প্রযোজক হিসেবে আছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। শাকিলের পরিকল্পনা, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ক্যামেরা চালু করে টানা শুটিংয়ে দৃশ্যধারণ শেষ করবেন। আগামী বছর কোরবানির ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে আনার কথা ভাবা হচ্ছে বলেও জানালেন তিনি।

এদিকে একই ঈদে শরিফুল রাজের আরেক ছবি ‘কানাভুলা প্যারাডক্স’ মুক্তি দেওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর উপন্যাস ‘কানাভুলো প্যারাডক্স’ থেকে তৈরি হবে সিনেমাটি, যৌথভাবে পরিচালনা করবেন আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকার। হরর আর রোমান্সের মিশেলে বোনা এই গল্পে রাজের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে। আগামী বছরের শুরুর দিকে কানাভুলা প্যারাডক্সের শুটিং শুরুর কথা রয়েছে।

প্রেক্ষাপট

সৈয়দ শাকিলের পরিচালনায় ‘ইউএনও স্যার’ ওয়েব ফিল্মে মূল চরিত্রে অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর সঙ্গে ছিলেন তানজিম সাইয়ারা তটিনী ও ইন্তেখাব দিনার। নির্মাতা তখন দাবি করেছিলেন, তিনি যতটুকু জানেন, প্রশাসন ক্যাডারের চরিত্র নিয়ে দেশে এর আগে কোনো কাজ হয়নি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ