৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ২৭২ রানের জবাবে ক্যারিবীয়দের ভালো শুরু

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ৩০-১০-২০২৬
বাংলাদেশের ২৭২ রানের জবাবে ক্যারিবীয়দের ভালো শুরু ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে একটি উইকেট হারালেও তেজনারায়ণ চন্দরপল ও জন ক্যাম্পবেলের ব্যাটে দ্রুত রান তুলছে সফরকারীরা। এরই মধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন ক্যাম্পবেল। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ষষ্ঠ ফিফটি এবং টানা তৃতীয় অর্ধশতক।

হাসান মাহমুদের বলে ব্রেন্ডন কিং ১৫ রান করে আউট হওয়ার পর জুটি গড়েন চন্দরপল ও ক্যাম্পবেল। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত স্কোর বাড়াতে থাকেন দুজন। ইনিংসের শুরুতে ৫ ও ২২ রানে দুইবার জীবন পাওয়া ক্যাম্পবেল সেই সুযোগ কাজে লাগিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ অর্ধশতক। চা বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৮৯ রান। ক্যাম্পবেল ৫৩ এবং চন্দরপল ২১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। ১০৫ রান করে তাঁর বিদায়ের পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। একের পর এক উইকেট হারিয়ে লাঞ্চ বিরতির আগেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণি ও শামার জোসেফের গতির সামনে আর দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। মেহেদী হাসান মিরাজ করেন ১৫ রান এবং নাঈম হাসানের সংগ্রহ ৫। বাকিরা উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় ৯৭.৪ ওভারে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।

আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা দ্রুত চা বিরতি ঘোষণা করেন। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও বৃষ্টি শুরু হয়। বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ