ছবিঃ সংগৃহীত
এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনার পদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। এ জয়ের মধ্য দিয়ে চলতি আসরে বাংলাদেশের সোনার পদকসংখ্যা দাঁড়িয়েছে দুইয়ে।
ফাইনালে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের আর্চারদের। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে পিছিয়ে পড়েন আলিফ, সাগর ও রাফি। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান তাঁরা। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্টে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা।
এর আগে সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে।
রিকার্ভ পুরুষ দলগত বিভাগে এই সোনার পদক জয়ের ফলে চলতি আসরে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। এখন পর্যন্ত দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন দেশের আর্চাররা।