৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ বছরেই আইপিএলে দল পেলেন উমা কাষভি

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ৩০-১০-২০২৬
১৫ বছরেই আইপিএলে দল পেলেন উমা কাষভি ছবিঃ সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই নারীদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দল পেয়ে আলোচনায় উঠে এসেছেন কর্নাটকের অলরাউন্ডার উমা কাষভি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পাওয়ার কৃতিত্ব গড়েছেন তিনি। বুধবারের নিলামে তাঁকে ১০ লাখ টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

কর্নাটকের এই কিশোরী ক্রিকেটার ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিংয়েও পারদর্শী। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ইতোমধ্যে নজর কেড়েছেন তিনি। কয়েক মাস আগে অনূর্ধ্ব-১৫ মেয়েদের একটি টুর্নামেন্টে পাঁচ শতাধিক রান করে আলোচনায় আসেন উমা। ওই প্রতিযোগিতায় তিনটি সেঞ্চুরি ও একটি অর্ধশতক করেছিলেন তিনি। কর্নাটকের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় তাঁর রানসংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন উমা। পাশাপাশি অনূর্ধ্ব-১৫ দলকে জাতীয় পর্যায়ের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এবার ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে জায়গা করে নিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

বুধবারের নিলামে ৬৭ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্যে শেষ পর্যন্ত দল পেয়েছেন ২৫ জন। নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মোলিনা। তাঁকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে কিরণ নভগিরকে। অন্য কোনো ক্রিকেটারের দাম ৫০ লাখ টাকা ছাড়ায়নি।

এদিকে নিলামে নাম নিবন্ধন করা বাংলার চার ক্রিকেটার সুজাতা দে, বিদিশা দে, তিতাস সাধু ও সাইকা ইশাকের কেউই দল পাননি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ