৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শাহবাগে আজ এনসিপির গণবিক্ষোভ, চার দফা দাবি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ৩০-১০-২০২৬
শাহবাগে আজ এনসিপির গণবিক্ষোভ, চার দফা দাবি ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগে আজ শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে চার দফা দাবিতে গণবিক্ষোভ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে কর্মসূচি শুরুর কথা বিকেল সাড়ে তিনটায়।

কর্মসূচির প্রধান অতিথি এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন সদস্যসচিব আখতার হোসেন। বক্তব্য দেবেন দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারাও।

দাবিগুলোর প্রথমটি—ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ। দ্বিতীয়টিতে চাওয়া হয়েছে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন।

তৃতীয় দাবি মানবাধিকার ও বাক্‌স্বাধীনতাবিরোধী সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা। চতুর্থ দাবিতে জুলাই গণহত্যার বিচার শেষ করে রায় অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

দলটি জানিয়েছে, দাবিগুলোর পক্ষে জনমত গঠন এবং সরকারের কাছ থেকে তা আদায় করাই এ কর্মসূচির উদ্দেশ্য।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশের প্রস্তুতি দেখেন। তাঁর সঙ্গে ছিলেন যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয় নেতারা।

পরিদর্শনের পর নেতারা দেশের সব স্তরের মানুষকে গণবিক্ষোভে অংশ নিতে আহ্বান জানান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ