ছবিঃ সংগৃহীত
সদর উপজেলার চর মাধবদিয়ার মমিনখাঁর হাটে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় আসর।
গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম। ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা সেখানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণদের মাদক আর অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শরীর ও মনের বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সম্প্রীতি আর নেতৃত্বের গুণ তৈরিতেও খেলাধুলা সাহায্য করে। নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তাঁরা।
মমিনখাঁর হাট বাজার পরিচালনা কমিটি টুর্নামেন্টটির আয়োজন করেছে। সার্বিক সহযোগিতায় আছেন কমিটির সভাপতি রেজাউল করিম বেপারী।