৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঋণমান ‘এ প্লাস’ অপরিবর্তিত, তবে ফ্রান্সের পূর্বাভাস ‘নেতিবাচক’ করল ফিচ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-১০-২০২৬
ঋণমান ‘এ প্লাস’ অপরিবর্তিত, তবে ফ্রান্সের পূর্বাভাস ‘নেতিবাচক’ করল ফিচ ছবিঃ সংগৃহীত

ফ্রান্সের ঋণমান ‘এ প্লাস’ বহাল রাখলেও দেশটির অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে নামিয়ে ‘নেতিবাচক’ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটির ঋণের বোঝা ও তা শোধের খরচ নিয়ে নতুন করে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানায়। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।

ফিচের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ফ্রান্সের মোট সরকারি ঋণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১৫ দশমিক ৭ শতাংশ, যা ২০২৮ সালে বেড়ে ১২৪ শতাংশে ঠেকতে পারে। গত আগস্টের পূর্বাভাসে ২০২৮ সালের জন্য এ হার জিডিপির ১২২ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি।

বিবৃতিতে ফিচ বলেছে, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির দুর্বলতা, সরকারি আর্থিক পরিস্থিতির নতুন করে অবনতি এবং ঋণের সুদহার বৃদ্ধি— সব মিলিয়ে ফ্রান্সের ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দিতে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি আর্থিক সংযম বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়েছে।’

ফ্রান্সের ঋণ নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ব্যাপক। ফলে ঋণ শোধে দেশটিকে তুলনামূলক বেশি সুদ গুনতে হচ্ছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম উচ্চ।

আগামী বছরের এপ্রিল-মে মাসে দুই দফায় ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর দেশটির ঋণ কমবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখছে ফিচ। সংস্থাটির মতে, রাজনৈতিক বিভাজন এবং জনমত জরিপে উগ্র ডানপন্থী ও উগ্র বামপন্থী প্রার্থীদের এগিয়ে থাকায় একটি ‘বিশ্বাসযোগ্য আর্থিক কৌশল’ নিয়ে সবার এক জায়গায় আসা কঠিন হতে পারে।

ফিচ আরও বলেছে, ‘প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নীতিনির্ধারণী বিতর্কে এখন পর্যন্ত এমন কোনো অগ্রগতি দেখা যায়নি, যা দীর্ঘমেয়াদে বাজেট ঘাটতি কমিয়ে ঋণের স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আমাদের আস্থা বাড়াতে পারে।’

সরকারি সেবা ও জীবনযাত্রার খরচ নিয়ে বড় ধরনের বিক্ষোভও আর্থিক সংস্কারের সামাজিক প্রেক্ষাপটকে জটিল করে তুলছে বলে মনে করে সংস্থাটি।

ফিচের মূল্যায়ন আসার আগে শুক্রবারই ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএনএসইই জানায়, চলতি বছরে এখন পর্যন্ত দেশটির অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধি হয়নি; উল্টো জুলাই থেকে সেপ্টেম্বরের তিন মাসে অর্থনীতি সংকুচিত হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ