০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০২-১১-২০২৬
ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ছবিঃ সংগৃহীত

যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (১ নভেম্বর) বর্ণাঢ্য র‍্যালি, উদ্যোক্তাদের পণ্যমেলা, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সম্মাননা বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তারা অংশ নেন।

র‍্যালি শেষে অতিথিরা জেলা পরিষদ প্রাঙ্গণে যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সাত দিনব্যাপী প্রদর্শনী মেলা পরিদর্শন করেন। পরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। নিজেদের দক্ষতা, মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস কাজে লাগিয়ে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে হবে। চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ গ্রহণ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, যুবকদের যথাযথ প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া গেলে তাঁরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ। এ সময় প্রশিক্ষণার্থী ও সফল যুব উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্য, উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ