ছবিঃ সংগৃহীত
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি ও মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান রাকিব, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুস সাত্তার।
বক্তারা বলেন, যুবসমাজ যেকোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। কারিগরি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রয়োজনীয় সুযোগ ও দিকনির্দেশনা পেলে পটুয়াখালীর তরুণরাও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে চারটি যুব উদ্যোক্তা প্রকল্পে সহজ শর্তে মোট ৫ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে রাকিব মৎস্য প্রকল্পে ১ লাখ, হৃদয় মৎস্য প্রকল্পে ২ লাখ, মরিয়ম হাঁস-মুরগির খামারে ১ লাখ এবং নিশাত পোশাক তৈরি প্রকল্পে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।