ছবিঃ সংগৃহীত
ঐতিহ্যবাহী গুড়ের উৎপাদন, বিপণন ও দেশজুড়ে পরিচিতি বাড়ানোর লক্ষ্যে নাটোরে প্রথমবারের মতো দিনব্যাপী ‘গুড় উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন এলাকার প্রায় ৭০০ উদ্যোক্তার অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে বিভিন্ন ধরনের গুড় ও মিষ্টান্ন নিয়ে বসেছে ১৬টি স্টল।
গতকাল নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, এইচএফ ফুডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং আইএফএসি প্রতিষ্ঠাতা ও বিভিন্ন শরিয়া বোর্ডের উপদেষ্টা মুফতি আবদুল্লাহু মাসুম।
আলোচনায় বক্তারা বলেন, গুড় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের একটি। এ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নিরাপদ ও মানসম্মত গুড় উৎপাদন এবং বাজারজাতকরণে উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন। এ ধরনের আয়োজন উৎপাদক ও বিপণনকারীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
আয়োজকেরা জানান, উৎসবে নিরাপদ ও মানসম্মত গুড় উৎপাদন এবং ভোক্তাদের কাছে তা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার বলেন, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী গুড়সহ দেশীয় পণ্যের পরিচিতি দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে।