০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

টাকা চাইলে নিয়ে যাক, শিডিউলও দেব: রাজ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০২-১১-২০২৬
টাকা চাইলে নিয়ে যাক, শিডিউলও দেব: রাজ ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ‘ঠিকানা’ সিনেমার শুটিংয়ের জন্য নির্ধারিত শিডিউল না দেওয়ার অভিযোগে গত শনিবার (৩১ অক্টোবর) তাকে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে শুটিংয়ের শিডিউল দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ঘটনায় এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন শরীফুল রাজ।

জানা গেছে, প্রযোজক শাহরিন আক্তারের প্রযোজনায় ‘ঠিকানা’ সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক জুবায়ের ইবনে বকর। চুক্তি অনুযায়ী, আগামী ঈদে অথবা ঈদের পর কোনো একসময় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট কোনো তারিখ চুক্তিতে উল্লেখ করা হয়নি। নির্মাতাদের অভিযোগ, ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও রাজ প্রত্যাশিতভাবে শুটিংয়ের শিডিউল দিচ্ছেন না। এ কারণেই তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শরীফুল রাজ বলেন, “একবার বলে টাকার কথা, আমি নাকি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দেব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দিইনি, এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় সিনেমাই করব।”

ঈদে ‘ঠিকানা’ মুক্তির পরিকল্পনা থাকলেও অন্য সিনেমায় কাজ করায় রাজ শিডিউল দিতে পারছেন না বলে প্রযোজকের অভিযোগ। এ বিষয়ে তিনি বলেন, “সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টি এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দেবে, ঠিক আছে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না—এটা তো চুক্তিতে নেই। আবার তাদের সিনেমা ঈদে আসবে, সেটাও তো নয়। নোটিশেই ঈদের পরে মুক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা সেভাবেই কাজটি করতে পারতাম। কিন্তু পেশাগত জায়গায় শিডিউল দেওয়া নিয়ে এমন অভিযোগ ও আইনি নোটিশ আমাকে হতবাক করেছে।”



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ