০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে জাপান সফরের খুঁটিনাটি জানালেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৩-১১-২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতিকে জাপান সফরের খুঁটিনাটি জানালেন প্রধানমন্ত্রী ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক জাপান সফরের বিস্তারিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুজনের আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ও উঠে আসে। বাসসকে এ তথ্য দিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

প্রেস সচিব জানান, সফরের বিভিন্ন দিক এবং সফরকালে দুই দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেগুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে একান্ত বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাপানের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নিজের আলোচনার কথাও রাষ্ট্রপতিকে জানান তিনি।

দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব, বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগসহ জাতীয় গুরুত্বের নানা বিষয় এ সফরে আলোচনায় আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন রাষ্ট্রপতি। সফরটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত ও মজবুত করতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে অভ্যর্থনা জানান এবং দেখা করতে আসার জন্য আন্তরিক ধন্যবাদ দেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব-২সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ