ছবিঃ সংগৃহীত
গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অস্ট্রেলিয়ার সুদের হার। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ আর অব্যাহত মূল্যস্ফীতির চাপের কারণে মঙ্গলবার নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ দশমিক ৮৫ শতাংশে নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) এক বিবৃতিতে সিদ্ধান্তটি জানিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। এর পেছনে আংশিকভাবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাব রয়েছে।’ ব্যাংকটি আরও জানায়, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্যের দাম দ্রুত বাড়ছে। এ ছাড়া অনেক পণ্য ও সেবার মূল্যস্ফীতিও এখনো উচ্চ পর্যায়ে রয়েছে।’
চলতি বছর এ নিয়ে পঞ্চমবার সুদহার বাড়াল আরবিএ। নতুন সিদ্ধান্তে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে; বিশেষ করে বাড়ি কেনার ঋণের কিস্তি বেড়ে যাওয়ায় পরিবারগুলো বাড়তি আর্থিক চাপে পড়বে। অস্ট্রেলিয়ায় বিষয়টি রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ।
সুদের হার সর্বশেষ এ স্তরে ছিল ২০০৮ সালের শেষ দিকে, বৈশ্বিক আর্থিক সংকট যখন চরমে।
অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ও মূল্যস্ফীতির সামনের গতিপথ নিয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় বাজারেই জ্বালানির দাম এবং মূল্যস্ফীতির ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি হচ্ছে। দীর্ঘ সময় ধরে এই অনিশ্চয়তা চলতে থাকলে অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে।’