ছবিঃ সংগৃহীত
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়। এতে সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসির নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল দলজিত সিং, আইপিএসের নেতৃত্বে সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিল।
বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং সব ধরনের অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্ত সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।
ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি বেলা সাড়ে ১২টায় শেষ হয় বলে জানিয়েছেন বিজিবির উপঅধিনায়ক মো. শাহরিয়ার হোসেন।