০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০৪-১১-২০২৬
আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির ছবিঃ সংগৃহীত

আইপিএলে কি দেখা যাবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরকে? ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকেই এ নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা চলছে। সম্প্রতি ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নাম নিবন্ধন করায় আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়। তবে এবার নিজেই সেই গুঞ্জনে পানি ঢেলেছেন এই বাঁহাতি পেসার। জানিয়েছেন, আইপিএলের নিলামে নাম দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আমির লিখেছেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।’ এ ছাড়া ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, আইপিএলের নিলামে নাম নিবন্ধনের কোনো পরিকল্পনা তাঁর নেই।

গত মে মাসে ব্রিটিশ পাসপোর্ট পান পাকিস্তানের সাবেক এই পেসার। এরপরই বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার সুযোগ তৈরি হতে পারে বলে আলোচনা শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। তবে আমিরের সাম্প্রতিক বক্তব্যে আপাতত সেই সম্ভাবনার অবসান ঘটল।

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরেই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ রয়েছে। যদিও ২০০৮ সালে টুর্নামেন্টটির প্রথম আসরে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শোয়েব আখতার ও সোহেল তানভীর। এরপর আর কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আইপিএলে দেখা যায়নি।

তবে পাকিস্তানি বংশোদ্র্ভূত ক্রিকেটার হিসেবে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলার নজির রয়েছে। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ইংল্যান্ডের নাগরিক হিসেবে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো সক্রিয় আমির। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন তিনি। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার। গতি, সুইং এবং চাপের মুহূর্তে কার্যকর বোলিংয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পেয়েছিলেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ