০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে স্বাভাবিকের কম

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৫-১১-২০২৬
নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে স্বাভাবিকের কম ছবিঃ সংগৃহীত

চলতি নভেম্বরে দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে, যদিও এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এগুলোর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।

নভেম্বর মাসের জন্য আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের বিশেষজ্ঞ কমিটির সভায় পূর্বাভাসটি দেওয়া হয়।

পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, তবে তা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। প্রধান নদ-নদীগুলোর প্রবাহও স্বাভাবিক থাকতে পারে।

বিভাগওয়ারি পূর্বাভাস বলছে, ঢাকা বিভাগে নভেম্বরে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে; এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাত যেখানে ২৬ মিলিমিটার। ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেট ও খুলনা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশাল বিভাগে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।

এ মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে—৩৫ থেকে ৪০ মিলিমিটার; সবচেয়ে কম রংপুর বিভাগে—৪ থেকে ৮ মিলিমিটার।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু গত ৯ অক্টোবর বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। অক্টোবরে দেশে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম।

ওই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়; এর একটি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল পার হয়।

অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় ১৭ অক্টোবর সিলেটে, আর সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস ২৭ অক্টোবর তেঁতুলিয়ায়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ