০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সাভারে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৫-১১-২০২৬
সাভারে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০ ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে।

সংঘর্ষের একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। পরে সকাল ১১টার দিকে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া আটটার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন।

সকাল নয়টার দিকে সাভারের উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের সামনেও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পর শ্রমিকেরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পদ্মার মোড়, হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শিল্প পুলিশ সূত্র জানায়, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে। উলাইল এলাকাতেও শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।

সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশ, শ্রমিক, সাংবাদিক ও পথচারী মিলিয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ