ছবিঃ সংগৃহীত
শেরপুরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত এক অসহায় নারীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের উদ্যোগে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। জানা যায়, শেরপুরের পূর্বশেরী এলাকার শেফালী বেগম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর পরিবারের পক্ষে একটি হুইল চেয়ার কেনা সম্ভব হচ্ছিল না। ফলে তাঁকে বিছানায় রেখেই দৈনন্দিন প্রয়োজন মেটাতে হতো। বিষয়টি জানার পর গত ৩ নভেম্বর রাতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসক জানান, পরদিন তাঁর ময়মনসিংহে সভা থাকলেও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদকে হুইল চেয়ার কিনে সকালে রোগীর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলেন। তাঁর নির্দেশনা অনুযায়ী ৪ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ স্থানীয় সাবেক ফুটবলার মনির মাধবরের কাছে হুইল চেয়ারটি হস্তান্তর করেন। পরে তিনি রোগীর বাড়িতে গিয়ে শেফালী বেগমের হাতে হুইল চেয়ারটি পৌঁছে দেন।