ছবিঃ সংগৃহীত
এ বছরের দ্বিতীয় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার ছয় দিন পর পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। তার পদত্যাগের ফলে নির্বাচনের আগে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি তাদের অন্যতম প্রভাবশালী, তবে বিতর্কিত এক নেতাকে হারাল।
রয়টার্স জানায়, মঙ্গলবার রাতে আইনপ্রণেতাদের চমকে দিয়ে পদত্যাগের ঘোষণা দেন পুয়েন্তে। এর আগে সংসদের একটি তদন্ত কমিটিতে টানা চার ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বেশির ভাগ রাজনৈতিক দলই তাকে দুর্ঘটনার দায় নিতে বলেন। দেশটিতে পরপর দুটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মোট ১১৫ জন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সবচেয়ে বিশ্বস্ত ও আলোচিত মন্ত্রীদের একজন ছিলেন পুয়েন্তে। গত সপ্তাহের ট্রেন দুর্ঘটনার তদন্ত শেষ করা এবং রেলব্যবস্থার সমস্যাগুলো সমাধানের জন্য তিনি আগেই পদে থাকার কথা জানিয়েছিলেন। বিরোধী দল ও সরকারের জোটসঙ্গীরা তার পদত্যাগের দাবি জানালেও তিনি সরে দাঁড়াতে রাজি হননি।
তবে মঙ্গলবার ৫৭ বছর বয়সী এই মন্ত্রী জানান, স্পেনের মধ্যাঞ্চলের উর্দায় ট্রেন দুর্ঘটনার পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি শুধু পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। এমনকি প্রধানমন্ত্রী সানচেজকেও তখন কিছু জানাননি। সরকারি গেজেটে প্রকাশের পর তার পদত্যাগ কার্যকর হবে। তবে কবে তা প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে তিনি প্রার্থী হবেন না বলেও জানিয়েছেন।
গত বুধবারের প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার পর চালানো জনমত জরিপে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির জনপ্রিয়তা কিছুটা কমেছে। অথচ সামাজিক সেবা চালু রাখা এবং আবাসন সংকট মোকাবেলায় নিজেদের সাফল্য তুলে ধরে নির্বাচনী প্রচার চালানোর পরিকল্পনা ছিল দলটির।
পুয়েন্তের পদত্যাগের ঘোষণার পর প্রধানমন্ত্রী সানচেজ বলেন, ‘পুয়েন্তের মতো রাজনীতিবিদেরা আমাদের দেশের সম্মান বাড়ান। তারা দেখিয়ে দেন, আমরা সবাই এক রকম নই। কেউ শুধু বড় বড় কথা বলেন, আবার কেউ নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন।’
সানচেজ আরো বলেন, ‘তিনি দায়িত্ব নিয়েছেন, সমাধানের পথ দেখিয়েছেন এবং এরপর সরে দাঁড়িয়েছেন।’ আইনজীবী ও সাবেক মেয়র পুয়েন্তে ২০২৩ সালের নভেম্বরে পরিবহনমন্ত্রীর দায়িত্ব নেন।