ছবিঃ সংগৃহীত
প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে ক্যারিবীয়রা। বৃহস্পতিবার সিলেটে শুরু হতে যাওয়া ম্যাচে উইকেটের ধরন বিবেচনা করেই একাদশ সাজাতে চায় সফরকারীরা। দলের প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, উইকেটের চূড়ান্ত অবস্থা বুঝেই খেলোয়াড় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা ও সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলেন স্যামি। তিনি জানান, ঢাকার প্রথম টেস্টের মতো সিলেটেও উইকেটের পরিস্থিতি বিবেচনায় রেখে একাদশ চূড়ান্ত করা হবে। সিলেটের উইকেটে ঘাস থাকলেও অতীতের পরিসংখ্যান বলছে, এই মাঠে ব্যাটারদের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে। দলের কৌশল আগে থেকেই নির্ধারিত এবং কারা একাদশে থাকতে পারেন, সে বিষয়েও খেলোয়াড়দের ধারণা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষা করতে চান তারা।
এ সময় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের প্রশংসাও করেন ক্যারিবীয় কোচ। তার মতে, সিমন্সের অধীনে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। সিরিজ শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও চতুর্থ স্থানে ছিল টাইগাররা। স্যামি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশে সর্বশেষ ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সময়ও দলটির কোচের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স।
সিলেটে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে পারলে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষটা দারুণ হবে বলে মনে করেন স্যামি। দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে কঠিন কয়েকটি সিরিজ খেলতে হয়েছে তাদের। এরপর পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলোতে ভালো করার লক্ষ্য নির্ধারণ করে ওয়েস্ট ইন্ডিজ।
চলমান চক্রের শেষ দিকে নিজেদের অবস্থান আরও উন্নত করাই এখন ক্যারিবীয়দের প্রধান লক্ষ্য। সিলেট টেস্টে জয় পেলে সেই লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে দলটি।