ছবিঃ সংগৃহীত
অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে। অপর দুই পক্ষ হলো জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ফর পিস (ইউপিস) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ‘ট্রাম্প সেন্টারে’ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চুক্তিটি সই হয়। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে খবরটি জানা গেছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, ইউনিভার্সিটি ফর পিসের ডিন প্রফেসর মিহির এবং কোডার্সট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ।
সমঝোতার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা বাড়ানো, কর্মমুখী প্রশিক্ষণ, শান্তিশিক্ষা এবং পেশাগত উন্নয়নবিষয়ক বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে, যা চলবে অনলাইন, অফলাইন ও ব্লেন্ডেড—তিন পদ্ধতিতেই।
প্রশিক্ষণের তালিকায় থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা ব্যবস্থাপনা, ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা উন্নয়নের মতো আধুনিক বিষয়। এর সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার-পরামর্শ, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং পেশাজীবনে প্রবেশের সুযোগ বাড়ানোর ওপরও বিশেষ জোর দেওয়া হবে।
চুক্তির শর্ত অনুসারে, নিজের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে এসব কার্যক্রম শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। কোস্টারিকাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ফর পিসের দায়িত্ব হবে শান্তিশিক্ষা, সংঘাত নিরসন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে একাডেমিক জ্ঞান ও প্রশিক্ষণ-পাঠ্যক্রম সরবরাহ করা।
এ ছাড়া তিন প্রতিষ্ঠান মিলে শিক্ষক প্রশিক্ষণ, সনদভিত্তিক শর্ট কোর্স, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।
বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) মানসম্মত শিক্ষা (এসডিজি-৪), শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি-৮) এবং শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান (এসডিজি-১৬) অর্জনে এই ত্রিপক্ষীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।