ছবিঃ সংগৃহীত
ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছেন নারী প্রার্থীরা। সহসভাপতি (ভিপি) পদসহ মোট ১৩টি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন তাঁরা। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহসভাপতি পদে জয়ী হয়েছেন নাশরা নাইম। তিনি পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। বিশ্ববিদ্যালয়টির দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো নারী এ পদে নির্বাচিত হলেন।
এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। সহসভাপতি পদসহ মোট ছয়টি পদে তাঁদের এই সাফল্য ছাত্র সংসদে নারীদের প্রতিনিধিত্ব আরও বাড়িয়েছে।
অন্যদিকে, সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। তিনি ৪ হাজার ১০০টির বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ হামদান।
এএমইউ ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
শিক্ষার্থীদের টানা তিন বছরের আন্দোলনের পর দীর্ঘ আট বছর বিরতি দিয়ে অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচন বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের মতে, চলমান ‘জেন জি’ আন্দোলনের প্রভাবও পড়েছে নির্বাচনে। আগের নির্বাচনগুলোর মতো এবার শুধু ক্যাম্পাসকেন্দ্রিক দাবি-দাওয়ায় প্রচার সীমাবদ্ধ থাকেনি। দেশের সামগ্রিক রাজনীতি ও মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিষয়ও শিক্ষার্থীদের আলোচনায় গুরুত্ব পেয়েছে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি এ নির্বাচনকে প্রতিষ্ঠানের উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ক্রমবর্ধমান প্রতিনিধিত্বকে স্বাগত জানিয়ে নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।