০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ইরানের ছাড়

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১১-২০২৬
হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ইরানের ছাড় ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তবে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে ভারত, চীন, ইরাক ও কাতারকে। পারস্পরিক স্বার্থ ও কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে দেশ চারটির বাণিজ্যিক জাহাজকে প্রণালিটি ব্যবহারের বিশেষ সুযোগ দিয়েছে তেহরান। ফলে অন্য দেশের জাহাজ চলাচলে নানা বাধা থাকলেও এই চার দেশের জাহাজ তুলনামূলকভাবে নির্বিঘ্নে চলাচল করতে পারছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোগাদ্দাম এ তথ্য জানিয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিধিনিষেধ থেকে চারটি দেশকে ছাড় দেওয়া হয়েছে। দেশগুলো হলো ভারত, চীন, ইরাক ও কাতার। এসব দেশের জাহাজ চলাচলে বাধা দেওয়া হচ্ছে না। মোগাদ্দামের ভাষ্য অনুযায়ী, ভারতীয় জাহাজকে ছাড় দেওয়ার অন্যতম কারণ দেশটি থেকে ওষুধ আমদানি অব্যাহত রাখা। অন্যদিকে, চীনের ক্ষেত্রে বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন ধরে রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই দেশগুলোর সঙ্গে এ ধরনের সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

তবে হরমুজ প্রণালি ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার অর্থ বিনা মূল্যে জাহাজ চলাচলের সুযোগ নয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলাচলের অনুমতি পেলেও ভারতীয় জাহাজগুলোকে ট্রানজিট ফি বা পারাপারের মাশুল দিতে হতে পারে।

অর্থাৎ, ইরানের সিদ্ধান্তে আপাতত চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি ব্যবহারের পথ উন্মুক্ত রাখা হয়েছে। তবে এ সুবিধার আওতায় পারাপারের আর্থিক খরচ মওকুফ করা হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে তেহরানের এ সিদ্ধান্তকে দেশগুলোর সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ