ছবিঃ সংগৃহীত
জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন ধর্মমন্ত্রী।
ধর্ম মন্ত্রণালয় আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৭ সালের হজ চুক্তি সইয়ের ঠিক আগে গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় বৈঠকটি হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আর সৌদি পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নেতৃত্ব দেন।
দুই দেশের ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও মজবুত করা, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বাড়ানো এবং বাংলাদেশি হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোই ছিল বৈঠকের লক্ষ্য।
সৌদি নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য তিনি গভীর কৃতজ্ঞতাও জানান। দুই দেশের পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদার করার ওপর জোর দেন মন্ত্রী।
তাঁর আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক সামনের দিনগুলোতে আরও গভীর ও দৃঢ় হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সব ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে হজসংক্রান্ত নানা বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহও দেখান তিনি।
কোটার প্রশ্নে তাঁর আশ্বাস ছিল আরও সুনির্দিষ্ট। কোনো দেশ বরাদ্দ পাওয়া হজ কোটা পূরণ করতে না পারলে কিংবা নির্ধারিত কোটা পুরোপুরি ব্যবহার করতে ব্যর্থ হলে সেই দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন সৌদি মন্ত্রী। এমন সুযোগ তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ হজ ব্যবস্থাপনা, ওমরাহ ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।
সৌদি পক্ষে বৈঠকে ছিলেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।
আশা করা হচ্ছে, এ বৈঠক দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে। বাংলাদেশের হজযাত্রীদের জন্য বাড়তি সুযোগ তৈরি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।