১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে বড় ভবন হবে, শিক্ষার্থীদের জন্য ইয়েলো বাসের চেষ্টা: ভূমিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৪-১১-২০২৬
পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে বড় ভবন হবে, শিক্ষার্থীদের জন্য ইয়েলো বাসের চেষ্টা: ভূমিমন্ত্রী ছবিঃ সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার এবং শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে আজ দুপুরে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন মন্ত্রী।

শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার অত্যন্ত আন্তরিক বলে উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীরা যেন সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাদের মূল লক্ষ্য হবে পড়াশোনা। যে জ্ঞান তারা অর্জন করবে, তা কাজে লাগিয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার পরিবেশ ধরে রাখা আর প্রকৃত শিক্ষা অর্জন—এগুলো শিক্ষার্থীদেরই দায়িত্ব বলে মনে করেন মিজানুর রহমান মিনু। তিনি জানান, দেশের মেধাবীরা যেন বিশ্বের অন্য মেধাবীদের সমপর্যায়ে পৌঁছাতে পারে, এমনকি আরও এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন নামী প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। সুনামের সঙ্গেই সেখানে তারা নিজেদের যোগ্য জায়গা তৈরি করে নিয়েছেন।

শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী, যাতে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ আরও উন্নত হয়। শিক্ষার্থীদের যাতায়াতে ইয়েলো বাসের ব্যবস্থা করার চেষ্টাও থাকবে বলে জানান তিনি।

ভূমিমন্ত্রীর কথায়, এ প্রতিষ্ঠানের সমস্যা সবার সমস্যা। শিক্ষার সুস্থ পরিবেশ টিকিয়ে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বক্তব্যের শুরুতে মিজানুর রহমান মিনু শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।

নবীন শিক্ষার্থীদের এদিন আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ