ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
সংগৃহীত ছবি
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : ভিয়েতনামে অনুষ্ঠিত ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতায় ১৪টি দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ। গত আসরে ১২তম স্থান অর্জন করা বাংলাদেশ এবার দুই ধাপ এগিয়ে নিজেদের অবস্থানের উন্নতি করেছে। প্রতিযোগিতায় ভালো ফল করার লক্ষ্য নিয়ে অংশ নেওয়া বাংলাদেশ দলের এই অর্জন দেশের টেনিস অঙ্গনে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মোফাজ্জল হোসেন (প্লেয়িং ক্যাপ্টেন), জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। দলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাফিন আহমেদ।
পুরুষ টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসর ডেভিস কাপে বাংলাদেশের হয়ে অংশ নেন রাজশাহীর কৃতী টেনিস খেলোয়াড় মোঃ রাকিন রহমান রাকিন। তিনি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে রাজশাহীর টেনিস অঙ্গনেও প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লাওসের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে ষষ্ঠ স্থান অর্জন করে বাংলাদেশ।
ম্যাচের প্রথম একক খেলায় বাংলাদেশের কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬, ১-৬ গেমে পরাজিত হন। দ্বিতীয় একক খেলায় জারিফ আবরার লাওসের আথিত ক্যাসিনিসের কাছে ৪-৬, ৪-৬ গেমে হেরে যান। তবে দ্বৈত খেলায় লাওসের খেলোয়াড়েরা কোর্টে না নামায় ওয়াকওভার পায় বাংলাদেশ। ফলে দ্বৈত খেলায় জয় পেলেও সামগ্রিকভাবে ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় লাওস।
এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে নেপালের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়ায় দলটি। এবারের আসরের শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। ওই ম্যাচে একক খেলায় কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনই জয়লাভ করেন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডেভিস কাপ নেশন্স র্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮তম এবং বাংলাদেশের অবস্থান ১৪৮তম। র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে হারিয়ে বাংলাদেশের এই জয় ছিল এবারের প্রতিযোগিতার অন্যতম উল্লেখযোগ্য সাফল্য।
উল্লেখ্য, গত আসরে ১৪ দেশের মধ্যে ১২তম স্থান অর্জন করেছিল বাংলাদেশ। এবার ষষ্ঠ স্থানে উঠে আসার মাধ্যমে দলটি নিজেদের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতির প্রমাণ দিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের টেনিসের অবস্থান আরও শক্তিশালী করতে এ অর্জন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
বাংলাদেশ দল আজ রোববার (১৫ নভেম্বর) রাতে দেশে ফেরার কথা রয়েছে।
কমেন্ট বক্স