ছবিঃ সংগৃহীত
বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে চলাফেরায় নানা সীমাবদ্ধতায় ভুগছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবার তিনি পেয়েছেন একটি কৃত্রিম পা।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি খবরটি জানিয়েছেন।
পা হারানোর কারণে প্রতিদিনের চলাফেরায় নানা বাধার মুখে পড়তে হয় আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটা কিংবা দৈনন্দিন কাজ সারতে গিয়েও শারীরিক সীমাবদ্ধতা দেখা দেয়। তাঁর চলার সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে ফেরার পথ সহজ করতেই কৃত্রিম পায়ের এই ব্যবস্থা।
আশা করা হচ্ছে, কৃত্রিম পা ব্যবহারে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকটাই কমে আসবে। দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার সুযোগও তৈরি হতে পারে তাঁর।