ছবিঃ সংগৃহীত
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরে একের পর এক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে। এর প্রতিবাদে রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকদের অভিযোগ, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন দমাতেই কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
অন্যদিকে, পল্লীবিদ্যুৎ এলাকাতেও শত শত শ্রমিক মহাসড়কে ওঠার চেষ্টা করেন। তবে পুলিশ ও বিজিবির বাধায় তারা সড়কে উঠতে পারেননি।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, সকালে শ্রমিকেরা বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা তা করতে পারেননি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
এদিকে, শনিবার রাতে গাজীপুরের অন্তত ১৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে ১৩টি কারখানা বন্ধের তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।
কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কর্মরত রয়েছেন।
কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হয়েছেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়ার পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট ও এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।