১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সামাজিক অপরাধ প্রতিরোধে ‘আলোকিত লালমনিরহাট’র বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৬-১১-২০২৬
সামাজিক অপরাধ প্রতিরোধে ‘আলোকিত লালমনিরহাট’র বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ছবিঃ সংগৃহীত

মাদক, যৌতুক ও জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। চলমান সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকার’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই র‍্যালির আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর প্রতিষ্ঠাতা আসাদুল হাবিব দুলু, এমপি-র নেতৃত্বে শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এটি কুলাঘাট হয়ে সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। সাইকেল র‍্যালিতে মন্ত্রীর সাথে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন। উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর হাজারো স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাইকেল নিয়ে এই র‍্যালিতে যোগদান করেন। র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। এ সময় তাঁরা ‘মাদককে না বলুন’, ‘যৌতুককে না বলুন’ এবং ‘জুয়াকে না বলুন’—এই স্লোগানগুলোর মাধ্যমে জেলার সাধারণ মানুষের মাঝে সামাজিক অবক্ষয় রোধের মূল বার্তা পৌঁছে দেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ