১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের কমান্ডার নিহত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১১-২০২৬
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের কমান্ডার নিহত ছবিঃ সংগৃহীত

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাফা ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) হামাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে চালানো ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেটের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, খান ইউনিসে ড্রোন হামলা চালিয়ে হামাসের একজন শীর্ষ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে হামলাটি চালানো হয়। আহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে শনিবার চিকিৎসাকর্মীরা জানান।

ভূমধ্যসাগরের তীরবর্তী আল-মাওয়াসি এলাকা বর্তমানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে পরিপূর্ণ। এর আগে ইসরায়েল এলাকাটিকে মানবিক অঞ্চল বা নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করলেও সেখানে বারবার হামলার ঘটনা ঘটছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৯৫ জনে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন।

এদিকে শীতের প্রকোপ ও শৈত্যপ্রবাহে গাজায় ঠান্ডাজনিত মৃত্যুর সংখ্যাও বাড়ছে। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর মধ্য দিয়ে চলতি শীতে ঠান্ডাজনিত কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

গাজার অধিকাংশ বাসিন্দাই এখন বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ভারী বৃষ্টিতে তাঁবুতে পানি জমে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। শীত, বৃষ্টি ও আশ্রয়সংকটের মধ্যে উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলাও অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ