১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে আনতালিয়ায় হাজারো মানুষের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১১-২০২৬
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে আনতালিয়ায় হাজারো মানুষের পদযাত্রা ছবিঃ সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তুরস্কের আনতালিয়ায় পদযাত্রা করেছেন বিভিন্ন দেশের হাজারো জলবায়ুকর্মী। স্থানীয় সময় শনিবার বিকেলে কপ-৩১ সম্মেলনস্থলের বাইরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তরুণ, পরিবেশকর্মী, শ্রমিক, আদিবাসী প্রতিনিধি ও নাগরিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড। তাদের দাবির মধ্যে ছিল জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা, নতুন তেল-গ্যাস ও কয়লাভিত্তিক প্রকল্প বন্ধ করা, নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা।

আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় আনতালিয়ার আইদিন কানজা পার্ক থেকে পদযাত্রা শুরু হয়। পরে তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিপাবলিক স্কয়ারের দিকে এগিয়ে যায়। আয়োজকদের হিসাবে, এতে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু সম্মেলনে প্রতিবছর নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমছে না। বরং নতুন তেল-গ্যাস প্রকল্প ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ অব্যাহত রয়েছে। এর ফলে জলবায়ু সংকটে সবচেয়ে কম দায়ী দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে বেশি মূল্য দিতে হচ্ছে।

তাদের বক্তব্য, জলবায়ু সংকট কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি অর্থনৈতিক বৈষম্য, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নও। যেসব দেশ ও জনগোষ্ঠী বৈশ্বিক উষ্ণায়নের জন্য তুলনামূলকভাবে কম দায়ী, তারাই ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পদযাত্রায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পাশাপাশি উন্নত দেশগুলোর কাছে জলবায়ু অর্থায়নের দাবি জানানো হয়। কর্মীরা বলেন, উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজনের জন্য যে অর্থ প্রয়োজন, তা ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তাদের অনেকের হাতে ছিল জলবায়ু ন্যায়বিচার, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এবং জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবীর দাবিসংবলিত প্ল্যাকার্ড। তরুণ কর্মীরা বলেন, জলবায়ু সংকটের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ।

পদযাত্রায় খাদ্য সার্বভৌমত্ব, আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমির অধিকার এবং কৃষকদের স্বার্থ রক্ষার দাবিও উঠে আসে। অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও খাদ্য উৎপাদন ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। তাই জ্বালানি রূপান্তরের পাশাপাশি কৃষি, খাদ্যব্যবস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুরক্ষাকেও গুরুত্ব দিতে হবে।

কপ-৩১ সম্মেলনের আলোচনার মাঝপথে এ পদযাত্রাকে জলবায়ু আলোচনায় নাগরিক সমাজের অবস্থান জানান দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনের ভেতরে যখন দেশগুলোর প্রতিনিধিরা অর্থায়ন, অভিযোজন, জ্বালানি রূপান্তর ও জলবায়ু নীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, তখন সম্মেলনস্থলের বাইরে কর্মীরা দ্রুত ও ন্যায়সংগত পদক্ষেপের দাবি জানান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ