১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে ভাঙচুর

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৬-১১-২০২৬
পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে ভাঙচুর ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে লগি-বৈঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও মহড়া করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক। কয়েক ঘণ্টার এসব কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে জেলা শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। কর্মসূচিতে অংশ নিতে তারা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন। এ সময় পুরোনো লঞ্চঘাট এলাকার কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন তারা। মিছিলে অংশ নেওয়া অনেকের মাথায় হেলমেট এবং হাতে লাঠিসোঁটা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ পুনঃস্থাপন করা হয়। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার সরিয়ে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানার টাঙানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। সেখানে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তারা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিন খানের নেতৃত্বে মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। পরে মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়।

সেখান থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। পরে পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে এপিসিটির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া সাঁজোয়া যানটির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গত ১১ নভেম্বর থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা সদরসহ বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।

যশোর এরিয়ার বিজিবির রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার পরিস্থিতি সামাল দিতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি সম্পত্তি ও মানুষের জানমাল রক্ষায় বিজিবি কাজ করবে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ