১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​পাহাড়ি কৃষিকে বাণিজ্যিক করতে রাঙামাটিতে ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র বিতরণ শুরু

আপলোড সময় : ১৬-১১-২০২৬
​পাহাড়ি কৃষিকে বাণিজ্যিক করতে রাঙামাটিতে ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র বিতরণ শুরু সংগৃহীত

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি :  রাঙ্গামাটি জেলার পাহাড়ি কৃষিকে আরও উৎপাদনমুখী ও বাণিজ্যিকভাবে লাভজনক করতে প্রায় ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ শুরু করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। জেলার ১০ উপজেলার কৃষকদের প্রয়োজন বিবেচনায় এসব সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। অনুষ্ঠানে উপজেলা অনুযায়ী পরিষদের সদস্যদের কাছে কৃষিযন্ত্র ও প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম হস্তান্তর করা হয়।

বিতরণ করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে পাওয়ার টিলার, ধান রোপণ ও কাটার মেশিন, গ্রাইন্ডার, ফুড ড্রায়ার, জুসার এবং সিলার মেশিন। কৃষকদের চাহিদা অনুযায়ী এসব সরঞ্জাম পর্যায়ক্রমে সরবরাহ করা হবে বলে জানিয়েছে জেলা পরিষদ।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, কৃষির আধুনিকায়ন ও কৃষকের জীবনমান উন্নয়ন সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম। সেই লক্ষ্য সামনে রেখে পাহাড়ের প্রান্তিক কৃষকদের আধুনিক প্রযুক্তির সুবিধা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডল জানান, প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় কৃষকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই যন্ত্রপাতির ধরন নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এসব যন্ত্র ব্যবহারে চাষাবাদে সময় ও শ্রম কমবে। একই সঙ্গে ফসল সংগ্রহের পর তা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার সুযোগ তৈরি হবে। ফুড ড্রায়ারে ফলমূল শুকিয়ে রাখা, জুসারে ফলের পানীয় তৈরি এবং সিলার মেশিনে প্যাকেটজাত করা যাবে। এতে কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি বাজারজাতকরণও সহজ হতে পারে।

পাহাড়ি এলাকায় কৃষিপণ্য উৎপাদনের পর তা সংরক্ষণ ও বাজারে পৌঁছানো দীর্ঘদিনের চ্যালেঞ্জ। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় মৌসুমি ফল ও শাকসবজির একটি অংশ নষ্ট হয়। ফলে অনেক সময় উৎপাদিত পণ্যের যথাযথ দাম পান না কৃষকরা।

নতুন সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে আনারস, কলা, পেঁপে, আম ও কাঁঠালের মতো স্থানীয় ফল দিয়ে জুস, শুকনো খাবারসহ বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য তৈরির সুযোগ বাড়তে পারে। পাশাপাশি প্যাকেজিং ও বিক্রির ব্যবস্থা গড়ে উঠলে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও রয়েছে।

আয়তনে দেশের বৃহত্তম পার্বত্য জেলা রাঙামাটির বিস্তীর্ণ এলাকার মানুষের জীবিকার সঙ্গে কৃষি নিবিড়ভাবে জড়িত। জেলায় বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ নানা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তবে আধুনিক কৃষিপ্রযুক্তি ও ফসল সংরক্ষণের সীমাবদ্ধতায় এখানকার কৃষি সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো কঠিন হয়ে পড়েছে।

সংশ্লিষ্টদের আশা, বিতরণ করা যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার ও তদারকি নিশ্চিত করা গেলে পাহাড়ি কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে উৎপাদন খরচ কমানো, ফসলের অপচয় ঠেকানো এবং কৃষিপণ্যের মূল্য বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ