১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২৫০ আসনের ১৪০টি জিতে সার্বিয়ার পার্লামেন্টে শপথ নিচ্ছেন শিক্ষার্থী-সমর্থিত প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-১১-২০২৬
২৫০ আসনের ১৪০টি জিতে সার্বিয়ার পার্লামেন্টে শপথ নিচ্ছেন শিক্ষার্থী-সমর্থিত প্রতিনিধিরা ছবিঃ সংগৃহীত

সার্বিয়ার পার্লামেন্টে মঙ্গলবার সদস্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন শিক্ষার্থীদের সমর্থনপুষ্ট আন্দোলনের প্রতিনিধিরা। ঐতিহাসিক এক নির্বাচনে বিপুল জয় পেয়েছিলেন তারা।

গত মাসের ওই নির্বাচনে বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে আলেকসান্দার ভুচিচের ডানপন্থী দলের ১৪ বছরের শাসন শেষ হয়। এরপর এটিই পার্লামেন্টের প্রথম অধিবেশন।

বেলগ্রেড থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২৪ সালে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনির অংশ ধসে ১৬ জন নিহত হন। এর পর প্রায় দুই বছর ধরে চলা বিক্ষোভই এ ঐতিহাসিক নির্বাচনের পথ খুলে দেয়।

দুর্ঘটনার জন্য ব্যাপকভাবে দুর্নীতিকেই দায়ী করা হয়েছিল। ২০০০ সালে শাসক স্লোবোদান মিলোসেভিচের পতনের পর সার্বিয়ায় এত বড় বিক্ষোভ আর হয়নি, আর তার সূত্রপাত এই ঘটনা থেকেই। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোটে জেতেন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন পাওয়া প্রার্থীরা।

প্রথম অধিবেশনে আন্দোলনটির সংখ্যাগরিষ্ঠতা আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে এবং নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেবেন। এদের বেশির ভাগই রাজনীতিতে নতুন; মূলত শিক্ষাজগতের নানা পটভূমি থেকে এসেছেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

২৫০ আসনের পার্লামেন্টে ‘স্টুডেন্টস লিস্ট’-এর ঝুলিতে গেছে ১৪০টি আসন, যা দিয়ে এককভাবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে। ভুচিচের জোট পেয়েছে ১০৩টি আসন। বাকি সাতটি আসন সংখ্যালঘু দলগুলোর।

‘স্টুডেন্টস লিস্ট’-এর প্রভাবশালী প্রার্থী মিরজানা নিকোলিচ এ মাসের শুরুতে এএফপিকে বলেছিলেন, ‘সামনে যা কিছু আসছে, তার জন্য আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। আইন, পার্লামেন্টের কার্যপ্রণালি এবং সংসদ সদস্যদের দায়িত্ব সম্পর্কে পড়াশোনা করছি।’

শিক্ষার্থীদের জয়ের পর দেশের নানা শহরে কয়েক দিন ধরে বড় উৎসব হয়েছে। বহুল প্রতীক্ষিত অধিবেশনের সরাসরি সম্প্রচার দেশজুড়ে বিপুলসংখ্যক মানুষ দেখবেন বলে ধারণা করা হচ্ছে।

সামনে নানা চ্যালেঞ্জ

পার্লামেন্টের কাজ শুরুর পর প্রধানমন্ত্রী মনোনয়ন, সরকারের কর্মসূচি উপস্থাপন ও মন্ত্রিসভা গঠনের জন্য নতুন সংখ্যাগরিষ্ঠ দল ৯০ দিন সময় পাবে।

স্বাস্থ্যসেবার মান বাড়ানো, শিক্ষার প্রসার এবং প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করাসহ বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে শিক্ষার্থীদের আন্দোলন।

নতুন নেতৃত্বকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রাখতে হবে, আবার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার দীর্ঘদিনের লক্ষ্যও পূরণ করতে হবে।

কসোভোর সঙ্গে সম্পর্কও সামলাতে হবে তাদের। একসময় সার্বিয়ার প্রদেশ ছিল কসোভো; ২০০৮ সালে এটি স্বাধীনতা ঘোষণা করলেও বেলগ্রেড তা মানে না।

পার্লামেন্টের স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও দায়িত্ব নেবেন। প্রধানমন্ত্রী পদে লড়ার লক্ষ্যে গত সেপ্টেম্বরে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই প্রেসিডেন্টের পদ ছেড়ে দেন ভুচিচ। তখন থেকে স্পিকারই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন।

আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিতে হবে আগামী ২৭ নভেম্বরের মধ্যে, আর ভোট শেষ করতে হবে ২৭ ডিসেম্বরের মধ্যে।

শিক্ষার্থীদের আন্দোলন ও ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি—দুই পক্ষই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে সংবিধানে বেঁধে দেওয়া দুই মেয়াদের সীমার কারণে ভুচিচ নিজে আর প্রার্থী হতে পারবেন না।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ