১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইপিবির সহায়তায় ৯ প্রতিষ্ঠানসহ বাংলাদেশের ১৪ রপ্তানিকারক মেলবোর্নের গ্লোবাল সোর্সিং এক্সপোতে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-১১-২০২৬
ইপিবির সহায়তায় ৯ প্রতিষ্ঠানসহ বাংলাদেশের ১৪ রপ্তানিকারক মেলবোর্নের গ্লোবাল সোর্সিং এক্সপোতে ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের মোট ১৪টি রপ্তানিমুখী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-এ। মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে তিন দিনের এ প্রদর্শনী আজ শুরু হয়েছে।

১৭ থেকে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে প্রদর্শনীটি। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নয়টি অংশ নিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায়। বাকি পাঁচটি প্রতিষ্ঠান গেছে নিজেদের উদ্যোগে।

তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জা সামগ্রীসহ নানা সম্ভাবনাময় রপ্তানি খাতের পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানগুলো।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইপিবি জানায়, এই মেলার মাধ্যমে অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়ানো, নতুন ক্রেতা ও আমদানিকারকের সঙ্গে যোগাযোগ গড়া এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক সম্পর্ক বিস্তারের সুযোগ তৈরি হয়েছে।

মেলায় ইপিবির আলাদা একটি স্টলে বাংলাদেশের রপ্তানি খাত নিয়ে নানা প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্য-উপাত্তভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ হচ্ছে। দেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও সম্ভাবনাময় খাতগুলো সম্পর্কে আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের জানানো হচ্ছে এর মাধ্যমে।

পণ্যের গুণগত মান, উৎপাদন সক্ষমতা, বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটানোর সামর্থ্য এই মঞ্চে তুলে ধরছেন বাংলাদেশি রপ্তানিকারকরা।

প্রচলিত বাজারের বাইরে অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় বাজারে বাংলাদেশি পণ্য পৌঁছানো ও বাজার বাড়ানো, এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ (বি-টু-বি) গড়ে তোলাই এ মেলায় অংশ নেওয়ার প্রধান উদ্দেশ্যগুলোর একটি।

এবার ২০টি দেশের ৯ শতাধিক প্রদর্শক প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। ফলে বিশ্ববাজারের ক্রেতা, আমদানিকারক, ডিজাইনার, উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে সংযোগ তৈরির গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে একে দেখা হচ্ছে। মেলা চলাকালে বিভিন্ন দেশের ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা, ব্যবসায়িক সংযোগ ও নেটওয়ার্কিং হবে।

রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার খোঁজা ও বৈদেশিক বাণিজ্য বাড়ানোর দিক থেকে এই প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন আজ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব (উপসচিব) মো. বজলুর রশীদ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা তখন উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।

প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ একটি বিশেষ সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, রপ্তানি পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজার বিস্তারের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা। এতে আন্তর্জাতিক অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদের সামনে দেশের রপ্তানি খাতের সক্ষমতা আর বিনিয়োগ-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরা হয়।

খাতসংশ্লিষ্টরা আশা করছেন, গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬-এ এই সক্রিয় উপস্থিতি অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে। নতুন ক্রেতা তৈরি, রপ্তানি আদেশ পাওয়া, ব্যবসায়িক অংশীদারত্ব গড়া এবং ওশেনিয়া অঞ্চলে রপ্তানি বাজার বিস্তারেও প্রদর্শনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।

রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার খোঁজা, আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং রপ্তানি আয় বাড়াতে এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণে সহায়তা ও সমন্বয় চালিয়ে যাবে রপ্তানি উন্নয়ন ব্যুরো।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ