ছবিঃ সংগৃহীত
অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির ই-ভ্যাট সিস্টেমের সার্ভারে জটিলতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করদাতারা এখন চলতি অর্থবছরের অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই জমা দিতে পারবেন।
গতকাল সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ নভেম্বর একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী ই-ভ্যাট সিস্টেমে ঢোকায় সার্ভারে জটিলতা তৈরি হয়। এতে অক্টোবর মাসের কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েন করদাতারা।
এমন অবস্থায় জনস্বার্থের কথা ভেবে এবং করদাতাদের সুবিধার জন্য রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতা প্রয়োগ করে সময়সীমা বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী ২২ নভেম্বরের মধ্যে অনলাইনে অক্টোবরের রিটার্ন দিলে কোনো সুদ বা জরিমানা গুনতে হবে না। সার্ভার জটিলতার কারণে যারা রিটার্ন জমা দিতে পারেননি, তারাও এই সময়ের মধ্যে অনলাইনে অক্টোবর মাসের রিটার্ন জমা দিতে পারবেন।