১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

​সাংবাদিকদের হাতে-নাতে ধরা দালাল বাসন্তী, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে টাকা নেয়ার অভিযোগ; নার্স-আয়ার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন

আপলোড সময় : ১৭-১১-২০২৬
​সাংবাদিকদের হাতে-নাতে ধরা দালাল বাসন্তী, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে টাকা নেয়ার অভিযোগ; নার্স-আয়ার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন সংগৃহীত

মো. রুহুল আলম রনি, মৌলভীবাজার : মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে রোগীর স্বজনের কাছ থেকে ৩ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। টাকা ছাড়া চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না-এমন অভিযোগের মধ্যেই এক রোগীর স্ত্রীর ডিএনসি (DNC) করানোর কথা বলে তাঁর স্বামীর কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়ার ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় হাসপাতালের গাইনী বিভাগের নার্স সেলিনা বেগম ও আয়া জুবেদার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁদের সহযোগী হিসেবে অভিযুক্ত বাসন্তী রানী রোগীর কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে দাবি করেছেন, সেই টাকা তিনি হাসপাতালের ওটি সিস্টার সেলিনার কাছে দিয়েছেন। এদিকে, সাংবাদিকদের হাতেও ধরা পড়েছেন বাসন্তী।

অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের বাসিন্দা তোফায়েল ইসলাম গত রবিবার দুপুরে তাঁর স্ত্রীকে নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তাঁর স্ত্রীর গর্ভের সন্তান মারা গেছে। জরুরি ভিত্তিতে ডিএনসি করার প্রয়োজন বলে জানান চিকিৎসক।

রোগীর স্বামী তোফায়েল ইসলামের অভিযোগ, ডিএনসি করানোর কথা বলে হাসপাতালের গাইনী বিভাগের নার্স সেলিনা বেগম ও আয়া জুবেদা তাঁদের সহযোগী বাসন্তীর মাধ্যমে তাঁর কাছ থেকে ৩ হাজার টাকা নেন।

এ বিষয়ে তোফায়েল ইসলাম বলেন, “আমি আমার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য সদর হাসপাতালে নিয়ে আসি। সিরিয়ালের জন্য দাঁড়িয়ে ছিলাম। তখন ভেতরে একজনের সঙ্গে আমার পরিচয় হয়। তাঁর মাধ্যমে দ্রুত ডাক্তার দেখানো সম্ভব হয়। ডাক্তার আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট নিয়ে আসতে বলেন। বাইরে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট নিয়ে আসলে তা দেখে ডাক্তার জানান, আমার স্ত্রীর পেটে বাচ্চা মারা গেছে। তাই ডিএনসি ওয়াশ করতে হবে।”

তিনি আরও বলেন, “তখন নার্স সেলিনা বেগম ও আয়া জুবেদা জানান, ওষুধপত্র বাইরে থেকে আনতে হবে, না হয় ৪ হাজার টাকা দিতে হবে। আমি রাজি না হলে পরে ৩ হাজার টাকা দিতে বলেন। এরপর আমি তাঁদের সহযোগী বাসন্তী নামে এক মহিলার কাছে টাকা দিই।”

এদিকে, টাকা নেওয়ার বিষয়ে বাসন্তী রানী বলেন, “আয়া জুবেদা আমাকে আসতে বলেছে। রোগীর কাছ থেকে নেওয়া ওই টাকা আমি হাসপাতালের ওটি সিস্টার সেলিনার কাছে দিয়েছি। আমি আর কিছু জানি না।”

তবে অভিযোগ অস্বীকার করে নার্স সেলিনা বেগম বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো টাকা নেইনি। রোগীর স্বামী আমাকে জিজ্ঞেস করেছিলেন, কোনো টাকা-পয়সা লাগবে কি না। আমি না করেছি।”

অভিযুক্ত আয়া জুবেদার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানা যায়, বাসন্তী একসময় মৌলভীবাজার সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁর মাধ্যমে রোগীর স্বজনদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ ওঠায় হাসপাতালের অভ্যন্তরে দালালদের তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, গোপন সূত্রের দাবি, সরকারি হাসপাতালের ভেতরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কিছু দালাল ছদ্মবেশে অবস্থান করেন। তাঁরা রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে এসব দালালের যোগাযোগ ও কমিশনভিত্তিক সহযোগিতার সম্পর্ক থাকতে পারে।

সূত্রটির আরও দাবি, হাসপাতালের কিছু নার্স ও কর্মচারী সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত সময় কাজ করেন। তাঁদের কেউ কেউ দালালদের মাধ্যমে রোগী পাঠানো কিংবা বিভিন্নভাবে সহযোগিতা করে ব্যক্তিগত আর্থিক সুবিধা নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। এর ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের বাড়তি ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাসের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এখন আর বক্তব্য দিচ্ছি না, পরে বক্তব্য দেব। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। সেখানে জরুরি চিকিৎসাসেবা নিতে এসে রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গর্ভের সন্তান হারানোর মতো শোকাবহ পরিস্থিতিতে থাকা একজন রোগীর পরিবারের কাছ থেকে চিকিৎসার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

রোগীর স্বামীর বক্তব্য, বাসন্তী রানীর টাকা নেওয়ার স্বীকারোক্তি এবং সেই টাকা সেলিনা সিস্টারের কাছে দেওয়ার দাবি-সবকিছু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি উঠেছে। একই সঙ্গে হাসপাতালের অভ্যন্তরে দালালচক্রের সম্ভাব্য নেটওয়ার্ক, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সংশ্লিষ্টদের যোগাযোগ এবং কমিশন বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সাধারণ মানুষের প্রশ্ন-সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে যদি দালালের মাধ্যমে টাকা দিতে হয়, তাহলে অসহায় রোগীরা যাবেন কোথায়? হাসপাতাল প্রশাসন কি পারবে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে?


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ