মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে নাইক্ষ্যংছড়ি পুলিশ, ৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ কারবারি আটক
ওসির হুঁশিয়ারি—মাদক, সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ
সংগৃহীত ছবি
এস.এম লুৎফুর কবির, কক্সবাজার ব্যুরো : মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে নাইক্ষ্যংছড়ি পুলিশ। মাদক পাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপন ও নজরদারি জোরদারের মধ্যেই এবার ঘুমধুমে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সুলতান আহমদ (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড ভি-৪ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী পালিয়ে যায়।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া চৌরাস্তার মোড়ে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, মাদক পাচার প্রতিরোধে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বড়ুয়াপাড়া চৌরাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন।
এ সময় কুতুপালং বাজার থেকে বড়ুয়াপাড়ার দিকে আসা একটি সন্দেহজনক মোটরসাইকেল পুলিশের নজরে আসে। চেকপোস্টে থাকা সদস্যরা মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।এ সময় এসআই (নিঃ) হৃদয় পাল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মোটরসাইকেলটি আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধাওয়া করে মোটরসাইকেল চালককে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে অপর আরোহী পালিয়ে যায়।পরে বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেলে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে একটি কার্ডে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাস্তায় পড়ে যাওয়ায় প্রায় ৫০০ পিস ইয়াবা ভেঙে গুঁড়া হয়ে যায়। অবশিষ্ট প্রায় ৯ হাজার ৫০০ পিস অক্ষত ইয়াবাসহ ভাঙা ইয়াবার গুঁড়াও জব্দ করা হয়।আটক সুলতান আহমদ (৩৯) কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া, গোলদীঘির দক্ষিণ পাড় এলাকার বাসিন্দা।
তিনি আবদু সালামের ছেলে। জব্দ করা মোটরসাইকেলটির নম্বর চট্ট মেট্রো-ল ২৩-২৯৩৩।এদিকে মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেছেন, “মাদকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি উপজেলায় যুদ্ধে নেমেছে পুলিশ।” তিনি জানান, মাদক নির্মূলের পাশাপাশি সহিংসতা ও নাশকতা প্রতিরোধেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক পাচার প্রতিরোধে পুলিশের এমন তৎপরতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, শুধু চালক আটক নয়, পলাতক সহযোগীসহ ইয়াবা সরবরাহের নেপথ্যে থাকা সিন্ডিকেটের সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।মাদকবিরোধী অভিযানে পুলিশের এ কঠোর অবস্থান কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।
কমেন্ট বক্স