১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিবাহবিচ্ছেদের পরও সাবেক স্ত্রীর দখলে বসতবাড়ি, প্রাণনাশের হুমকির অভিযোগ

​নিজের টাকায় বাড়ি, সেই বাড়িতেই ঠাঁই নেই মিন্টুর!

আপলোড সময় : ১৮-১১-২০২৬
​নিজের টাকায় বাড়ি, সেই বাড়িতেই ঠাঁই নেই মিন্টুর! সংগৃহীত

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: নিজের উপার্জনের টাকায় গড়েছেন বসতবাড়ি। অথচ সেই বাড়িতেই এখন ঠাঁই হচ্ছে না বাড়ির মালিক মিন্টু মিয়ার (৪৪)।বিবাহবিচ্ছেদের পরও সাবেক স্ত্রীর দখলে রয়েছে তাঁর বসতবাড়ি-এমন অভিযোগ তুলে বাড়ির নিয়ন্ত্রণ ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। শুধু বাড়ির দখল নয়, এ নিয়ে বিরোধের জেরে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন, এমনকি হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। প্রতিকার চেয়ে শেষ পর্যন্ত কোতোয়ালী মডেল থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মিন্টু। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন বোররচর এলাকার বাসিন্দা মিন্টু মিয়া। তাঁর অভিযোগ, ২০০৪ সালের ৩ সেপ্টেম্বর মোছাঃ শিল্পী আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। দীর্ঘদিন প্রবাসে থাকার সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিবাহবিচ্ছেদ ঘটে। তবে সম্পর্কের অবসান হলেও বসতবাড়ির দখল ও জমিজমা নিয়ে বিরোধের অবসান হয়নি। মিন্টুর দাবি, বাড়ি নির্মাণের জন্য সাবেক স্ত্রীকে ২৫ লাখ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু নির্মাণকাজে আনুমানিক ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে শ্রমিক ও মালামাল সরবরাহকারীদের কাছ থেকে জানতে পারেন। বাকি প্রায় ১০ লাখ টাকা কোথায় ব্যয় হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলার পর বিরোধ আরও বাড়ে। জমিজমা নিয়েও তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পরও সাবেক স্ত্রী তাঁর বাবার ও ভাইদের প্রভাব খাটিয়ে বসতবাড়িতে অবস্থান করছেন। বাড়ির নিয়ন্ত্রণ ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে একাধিকবার যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান পাননি বলে দাবি মিন্টুর। সাবেক স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিরোধের সূত্রপাত হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

মিন্টুর ভাষ্য, প্রবাসে থাকাকালে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে এ বিষয়ে কিছু তথ্য পান। দেশে ফিরে কিছু তথ্য-প্রমাণও পেয়েছেন বলে তাঁর দাবি। এ নিয়ে পারিবারিক বিরোধ আরও জটিল হয়ে ওঠে। সাবেক স্ত্রীর পরিবারের প্রভাব নিয়েও অভিযোগ তুলেছেন মিন্টু। তাঁর দাবি, সাবেক স্ত্রীর বাবা এলাকায় ‘ডাকাত সাহেব আলী’ নামে পরিচিত। তাঁর প্রভাবের কারণে স্থানীয় অনেকেই এ বিরোধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। কোতোয়ালী মডেল থানার ওসি বরাবর দেওয়া লিখিত অভিযোগে মিন্টু উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে সাবেক স্ত্রী অন্যদের সহযোগিতায় তাঁর বসতবাড়িতে জোরপূর্বক অবস্থান করেন। এ সময় তাঁকে বাড়ি থেকে চলে যেতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি সন্ত্রাসী লোকজন দিয়ে হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয়।

এমনকি নিজের ক্ষতি করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে ৬৬২ নম্বর মামলা চলমান রয়েছে। মামলা দায়েরের পর থেকে মিন্টু ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত মোছাঃ শিল্পী আক্তারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ কামরুল হাসান বলেন, অভিযোগটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল তদন্ত করছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের অগ্রগতি জানতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিলের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ