১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মুহূর্মুহু মিছিল, সাধারণ মানুষের ঢল

আপলোড সময় : ১৯-১১-২০২৬
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মুহূর্মুহু মিছিল, সাধারণ মানুষের ঢল সংগৃহীত ছবি

শাহিনুরা আক্তার, রংপুর ব্যুরো প্রধান: প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে মিছিলের নগরীতে পরিণত হয়েছে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত জেলা লালমনিরহাট। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের মিছিলে মুখর হয়ে উঠেছে জেলা শহর। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জেলা শহর ও প্রধানমন্ত্রীর সমাবেশস্থলের দিকে আসতে থাকেন মানুষ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

জানা গেছে, এক দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে লালমনিরহাটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে বরণ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন নেতাকর্মীরা। শুধু জেলা শহর নয়, পুরো জেলাজুড়েই ছিল মিছিল ও সমাবেশের আমেজ।

‘সবার আগে বাংলাদেশ’ লেখা টি-শার্ট ও ক্যাপ পরে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের সমর্থকেরা ৩০ থেকে ৪০ হাজার মানুষের একটি বিশাল মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন বলে আয়োজকদের দাবি। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মণ্ডলের হাট মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে একটি সমাবেশে যোগ দেন তিনি।

এরপর সার্কিট হাউসে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, বিকেল ৪টায় একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করবেন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ