ছবিঃ সংগৃহীত
লালমনিরহাটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে উপহার হিসেবে ক্রীড়াসামগ্রী পেয়েছে।
সদর উপজেলায় মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন সেরে আজ তিনি লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) খবরটি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম লালমনিরহাটে এলেন তারেক রহমান, দিনব্যাপী সফরে। তাঁকে বহন করা হেলিকপ্টারটি সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে নামে।
সফরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন।
দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।
লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতির পর কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় হেলিকপ্টারে লালমনিরহাট থেকে তাঁর ঢাকার পথে রওনা হওয়ার কথা।