ছবিঃ সংগৃহীত
হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। আজ বেলা ১১টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফোনগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদ।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ‘প্রকৃত মালিকদের কাছে উদ্ধার ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, জনসেবায় পুলিশের এই সাফল্যের পরিধি আগামীতে আরো বিস্তৃত হবে।’
অনেক দিন পর শখের ফোন হাতে পেয়ে খুশি ভুক্তভোগীরা। রাজশাহী জেলা পুলিশের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তাঁরা, জানান আন্তরিক কৃতজ্ঞতাও। তাঁদের আশা, সামনের দিনেও জেলা পুলিশ এভাবে মানুষের পাশে থেকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাবে।
জেলা পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে ছিলেন।
ফোনগুলো বিভিন্ন সময়ে হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল। তথ্যপ্রযুক্তির সাহায্যে সেগুলো উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দেয় পুলিশ।